মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান: নতুন অনিশ্চয়তা সৃষ্টি

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার, নিহত ৩৪০০ ছাড়িয়েছে।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান: নতুন অনিশ্চয়তা সৃষ্টি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, তেল আবিবের লক্ষ্য হল লেবাননকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করে সীমান্তের বাস্তবতা বদলে দেওয়া।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা থেকে কার্যত দূরে থাকা ইসরায়েল, লেবাননের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, কূটনৈতিক চাপ বাড়লেও ইসরায়েলের নীতিতে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাস করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক চাপই দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

লেবাননের পাশাপাশি গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব তেল আবিবকে আরও সাহসী করে তুলেছে।

সামরিক বিশ্লেষক আলেক্সান্দ্রু হুডিস্তেওর মতে, দক্ষিণ লেবাননে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর ওপর একটি বাফার জোন তৈরির লক্ষ্যেও অভিযান জোরদার করা হতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক চাপ কার্যকর না হলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা আরও বিস্তৃত হতে পারে। গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ১০ হাজারের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ বাসিন্দা।

বিজ্ঞাপন