লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। সোমবার (১ জুন) অনুষ্ঠিত এই ফোনালাপে ট্রাম্প বলেন, "লেবানন নিয়ে তুমি পাগল হয়ে গেছো! সবাই তোমাকে এবং ইসরায়েলকে ঘৃণা করে।"
ট্রাম্পের বক্তব্যের পেছনে রয়েছে ইরানের সঙ্গে আলোচনার হুমকি, যেখানে ইরান দাবি করেছে যে, তারা আমেরিকার সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে যাবে। গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে, যার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ লেবাননে হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা হামলা করে। তবে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে তারা লেবাননের ভূমি দখলের চেষ্টা করছে।
এদিকে, আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, যার ফলে নেতানিয়াহু সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প মনে করেন যে, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যধিক কঠোর হচ্ছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে, তিনি তাকে "জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছি"। এটি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গ। ট্রাম্প এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছিলেন।