পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডেনমার্কের কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির উদ্যোগে কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরামের তত্ত্বাবধানে এ বছর শতাধিক পরিবারের জন্য কোরবানি বাস্তবায়ন করা হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে কোরবানির মাংস সংগ্রহ করে তা মুসলিম পরিবারগুলোতে বিতরণ করা হয়। আয়োজকদের মতে, পুরো প্রক্রিয়াটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, এবং শিশুদের জন্য বিশেষ ঈদ উপহারও প্রদান করা হয়।
আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্কের সভাপতি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের শিক্ষা পাওয়া যায়। প্রবাসে মুসলমানদের জন্য একটি নিরাপদ ও শরিয়াহসম্মত পরিবেশে কোরবানির ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত।’
সংগঠনের সাধারণ সম্পাদক শামসোদ্দোহা ইয়াকিন জানান, ‘ঈদের মূল চেতনা হলো পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক গঠন করা। এই প্রেক্ষিতে আমাদের উদ্যোগ প্রবাসী মুসলিম সমাজে ভ্রাতৃত্ব ও ইসলামিক চর্চাকে আরও সুদৃঢ় করেছে।’
আয়োজকরা জানান, প্রতিবছর এ ধরনের কর্মসূচির মাধ্যমে মুসলিম পরিবারের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্য থাকে। তারা সকল স্বেচ্ছাসেবক, দাতা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই কার্যক্রমে সহায়তা করেন শরিফুল হাসান পিনু, শহিদুল ইসলাম টিপু, আবু বকর, রাশেদুল আলম এবং রফিক মোল্লা প্রমুখ।