বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে তার অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং ফৌজদারি মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা আরও সুদৃঢ় করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, বেলারুশ সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশ চাইলে বেলারুশ থেকে ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারে।
মন্ত্রী জানান, বেলারুশ পটাশ সার উৎপাদনে অন্যতম প্রধান দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে সার আমদানি করে থাকে। বেলারুশ বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য হতে পারে। রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্ত্রী বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ বেলারুশের কারিগরি সহযোগিতা নিতে পারে। রাষ্ট্রদূত মন্ত্রীর কাছে বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ে জানান এবং মন্ত্রী প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।