গাজীপুরের শ্রীপুরে পুলিশ শনিবার (১৮ এপ্রিল) সকালে অপহৃত কিশোরী ফারিহা ইসলামকে উদ্ধার করেছে। নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফারিহাকে উদ্ধার করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নেওয়া হবে। এতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
এর আগে, ১৬ এপ্রিল ফারিহাকে তার বাবার সামনে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অভিযুক্ত আবিদ (২১) নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারে বলা হয়, অভিযুক্ত আবিদসহ একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে ফারিহাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। ঘটনার দিন সকালে ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের চাপের মুখে তাকে ফিরিয়ে আনা হলেও আবারও হামলা ও অপহরণের ঘটনা ঘটে।
এতে অভিযোগ করা হয়, সশস্ত্র ব্যক্তিরা ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্তরা কিশোরীকে নিয়ে পালিয়ে যায়।
তদন্ত কর্মকর্তা জানান, ছেলে ও মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় এবং সম্ভাব্য প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ দাবি করেছে যে, ১৪ এপ্রিল তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। পরদিন স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে আনা হলেও দরবারে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।