ভোলার দৌলতখান উপজেলায় নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাবা মো. ইউসুফ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত ঘটানো হয়।
ভুক্তভোগী কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৩ এপ্রিল তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ইউসুফ প্রায় ৪ মাস ধরে তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানির ভয়ে মেয়েকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ভোলার দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ইউসুফকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল।
এসময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।