বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে স্বর্ণের দামে বিপর্যয়

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে স্বর্ণের দামে বিপর্যয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। গত দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে বৃহস্পতিবার স্বর্ণের দাম ব্যাপকভাবে কমেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৬৪৯ ডলারে নেমেছে।

দিনের শুরুতে ১৯ মার্চের পর সর্বোচ্চ দামে পৌঁছালেও ট্রাম্পের মন্তব্যের পর স্বর্ণের দাম ৪ শতাংশেরও বেশি কমেছে। তবে চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

ট্রাম্পের বক্তব্যের পর তেলের দাম প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা চালিয়ে যাবে এবং এই সংঘাতের ‘প্রধান কৌশলগত সব লক্ষ্য অর্জনের’ দ্বারপ্রান্তে রয়েছে ওয়াশিংটন। তার এই বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের নেতিবাচক সম্পর্ক দেখা যাচ্ছে। ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখবে; এমন প্রত্যাশা বেড়ে গেছে। আগামী ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা ২৫ শতাংশ থেকে কমে ১৪ শতাংশে দাঁড়িয়েছে।

জেফরিজের বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়ের জন্য স্বর্ণের চেয়ে এখন বেশি প্রাধান্য পাচ্ছে ডলার। ফেডের দীর্ঘ সময়ের জন্য সুদের হার উচ্চ রাখার প্রত্যাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট রূপা দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭১ দশমিক ৪৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯১৮ দশমিক ৩৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৪৬৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন