জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত লিমন উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। বুধবার সকালে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন। সকালে খামারে কাজ শেষ করে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়।
ওসি হাবিবুর রহমান বলেন, ধাক্কায় লিমন রেললাইনের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগিয়ে হাঁটার কারণে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তিনি দুর্ঘটনার শিকার হন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুপুরে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।