রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার অভিযোগে তিনজনকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু এবং মো. মানিক। আদালতের বেঞ্চ সাইম উদ্দিন জানান, আসামিদের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ এর ১৬(ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা একত্রে চলবে।
রায় ঘোষণার সময় আসামি মো. মানিক আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ২০টি কুকুর হত্যা করা হয়। পরে ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। আসামিরা অ্যানিমেল লাভারস অব বাংলাদেশ ও মামলার বাদী মো. মারুফুল হকসহ অন্যান্য স্বেচ্ছাসেবীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
এই ঘটনার পর দুদিন পর অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কুকুর হত্যার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।