শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, রণতরী পিছু হটেছে

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত হয়েছে, দাবি আইআরজিসির।

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, রণতরী পিছু হটেছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের পাল্টা "ট্রু প্রমিস ৪" অভিযানে গেল দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। এই অভিযানে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি জানান, বাহরাইনে মার্কিন নৌঘাঁটি ও সামরিক সদরদপ্তরে হামলার পর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

তিনি বলেন, ‘যুদ্ধের প্রথম দুই দিনেই ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য এই হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানি গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনেই এই সংখ্যা নিশ্চিত করেছে।’

আইআরজিসির মুখপাত্র জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত করেছে। এক দফা হামলায় ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়। এছাড়া, মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নায়েনি আরও বলেন, ইরানি নৌবাহিনী দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলার পর এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে পালিয়ে যায়।

সূত্র: তাসনিম

বিজ্ঞাপন