মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (২ মার্চ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে একজন হলেন সালেহ আহমেদ, যিনি সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান।
অন্য নিহত ব্যক্তি মোহাম্মদ তারেক, যিনি বাহরাইন প্রবাসী এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। একই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
এছাড়া, কুয়েতে চারজন বাংলাদেশি নাগরিক— আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), রাবিউল ইসলাম (পাবনা), মাসুদুর রহমান (নোয়াখালি) ও দুলাল মিয়া (কুমিল্লা) ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত ষাট লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাসীদের সতর্ক থাকার জন্য এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার জন্য। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।