বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীর মহাকাশ যাত্রা শুরু

পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী মহাকাশে পাড়ি দিয়েছেন 'শেনঝৌ-২৪' মহাকাশযানে।

পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীর মহাকাশ যাত্রা শুরু

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। ৪০ বছর বয়সী জিশান আলী চীনে 'শেনঝৌ-২৪' মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) 'শেনঝৌ-২৪' উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের কিছুক্ষণ পর, জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নভোচারীদের বিদায় অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। তিনি বলেন, 'জিশান আলীর সঙ্গে মহাকাশে উড়েছে পাকিস্তানের পতাকা।' এ সময় তিনি পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতি ও মহাকাশ অনুসন্ধানের নতুন যুগের সূচনা হয়েছে বলে উল্লেখ করেন।

জিশান আলী তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর প্রথম বিদেশি নাগরিক হিসেবে সেখানে প্রবেশ করবেন। তিনি প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন এবং চীনা নভোচারীদের সঙ্গে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, পুরো অভিযানে প্রায় ৯০টি পরীক্ষা পরিচালনা করা হবে। জিশান আলী বলেন, 'এই অভিযান কোনো সমাপ্তির রেখা নয়, বরং নতুন যাত্রার সূচনামঞ্চ।'

মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'মহাকাশে থাকাকালে যারা আমার দিকে তাকাবেন, তাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।'

জিশান আলীর মহাকাশ যাত্রার প্রস্তুতি কয়েক মাস আগে শুরু হয়। চলতি বছরের এপ্রিলে, তিনি চীনে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন