যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই অধিনায়কের বার্ষিক পারিশ্রমিক ২৮.৩ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত খেলোয়াড়দের পারিশ্রমিকসংক্রান্ত তালিকায় এ তথ্য জানানো হয়। তালিকায় মেসির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি, যার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১৯.৫১ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা ও অরল্যান্ডো সিটির ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান, যার পারিশ্রমিক ১৩.৯৪ মিলিয়ন ডলার। তালিকার তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় মেসির পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮ মিলিয়ন ডলার।
এমএলএসের প্রকাশিত তালিকায় মেসির পর আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা রয়েছেন। চতুর্থ স্থানে দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন, যার পারিশ্রমিক ১১.১৫ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো রয়েছেন, যার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১০.৮১ মিলিয়ন ডলার।
শুধু ব্যক্তিগত পারিশ্রমিকেই নয়, খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকের হিসাবেও এমএলএসে শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫৯.৩৭ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার, তাদের খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৪১.২৯ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেডের পারিশ্রমিক ৩৮.৩৫ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ৩৪.৯১ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে লস অ্যাঞ্জেলেস এফসি ৩২.৯১ মিলিয়ন ডলার নিয়ে রয়েছে।
অন্যদিকে, খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, যার মোট নিশ্চিত পারিশ্রমিক ১২.৬৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে স্পোর্টিং কানসাস সিটি ১৩.৩০ মিলিয়ন ডলার এবং তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ডিসি ইউনাইটেড ১৪.৫৫ মিলিয়ন ডলার নিয়ে রয়েছে।