গাজার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে গেছে, যা তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
৭ নভেম্বর রাতে আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকতে শুরু করে। এর ফলে ৭০ বছরের বেশি বয়সী জাবের ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে যান। তাঁবুর মেঝে দ্রুত পানিতে ডুবে যায়, যার ফলে তাদের ব্যবহৃত বিছানা, কার্পেট ও কম্বল ভিজে যায়।
জাবের আল জাজিরাকে বলেন, “পরিবারের সবাই ঘুম থেকে উঠে আর ঘুমাতে পারেনি। সবাই জেগে প্রতিবেশীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইছিল।” তিনি আরও জানান, পুরো এলাকা যেন একটি সুইমিং পুলে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে শুরু হওয়া বৃষ্টির ফলে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এ অবস্থায়, এসব এলাকায় লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন, ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে অস্থায়ী আশ্রয়ে থাকা মানুষের জন্য নতুন বিপদের সৃষ্টি হয়েছে। আশ্রয়ের ন্যূনতম ব্যবস্থা ভেঙে পড়ায় তারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।