যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গতকাল বুধবার হোয়াইট হাউসে নতুন বলরুমের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি মন্তব্য করেন, "ইরান যুদ্ধের কারণে স্বল্পমেয়াদে পেট্রলের দাম বেড়েছে।"
ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে হামলা ছাড়া উপায় ছিল না। তিনি জানান, "যদি আবারও একই সিদ্ধান্ত নিতে হয়, তবে আমি তা-ই করব।"
তিনি উল্লেখ করেন, যুদ্ধের সময়কাল নির্ধারণের বিষয়েও তিনি সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প বলেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।"
এছাড়া, নির্বাচনি প্রচারের সময় নিজের জনপ্রিয়তা রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কাজে লাগাতে না পারার কথাও বলেন ট্রাম্প। তাঁর মতে, যদি তিনি নির্বাচনি সমাবেশে উপস্থিত থাকতেন, তবে রিপাবলিকানরা জয়ী হতো।