বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়ে গেছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতিদের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দাম আরও বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওয়েল প্রাইজ ডট কমের রিপোর্টে দেখা গেছে যে ব্রেন্টক্রডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৮০ সেন্টে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে ১০৪ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা করার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া, হরমুজ প্রণালির দক্ষিণে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় বৈশ্বিক জ্বালানি পরিবহন নিয়ে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।