সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ।
শিক্ষা সপ্তাহের আগে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষকরা তাদের দাবি তুলে ধরেন।
শিক্ষক নেতারা জানান, ২০২৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ১০ম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির আশ্বাস দেয়া হয়েছিল। তবে প্রায় এক বছর পার হলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।
সহকারী শিক্ষকরা বলেন, ১ জানুয়ারির মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার সময়েও তাদের এই ন্যায্য দাবি না মানা হলে তা শিক্ষকদের চরমভাবে হতাশ করবে।
তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর দেয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্বাচনী প্রতিশ্রুতি ও ১০ম গ্রেডের দাবি বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ চান।