পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, ‘যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়ার কথা বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী।’
এ্যানি আরও উল্লেখ করেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল অবরোধের মাধ্যমে শান্তিতে থাকতে দেবেনা বলেছিল, তারা আজকের বিরোধী দলের সঙ্গী।’ তিনি সতর্ক করে বলেন, ‘খুব সজাগ থাকতে হবে, কারণ রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি এবং নাগরিক সুবিধা আদায় করে নিয়ে সম্মানের সহিত মিলেমিশে থাকতে হবে, সেটাই হোক আমাদের অঙ্গীকার।’
এ্যানি বিরোধী দলের নৈতিক দায়িত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা যারা সরকারি দল, আমাদের নৈতিক দায়িত্ব আছে। বিরোধী দলে যারা আছেন তাদেরও নৈতিক দায়িত্ব আছে। তাহলে কেন লংমার্চ বা রোডমার্চ করতে হবে?’