ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'আরামকো'র তেল ও গ্যাস অবকাঠামোকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, আরামকোর তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত সকল কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
সারি বলেন, আরামকো সংশ্লিষ্ট যেকোনো সুযোগ-সুবিধা ও স্থাপনা তাদের সামরিক আক্রমণের পরিধির মধ্যে রয়েছে। তিনি সকলকে অবিলম্বে ওই এলাকাগুলো খালি করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আন্তর্জাতিক এভিয়েশন খাতের ওপর আরোপিত সতর্কবার্তার পুনরাবৃত্তি করেন। সৌদি আকাশসীমা ও বিমানবন্দরগুলো ব্যবহারকারী আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা, এয়ারলাইন্স, যাত্রী এবং গ্রাউন্ড স্টাফদের উদ্দেশে বলেন, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ যেকোনো সৌদি বিমানবন্দর ও আকাশপথ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
যদি তারা সতর্কবার্তা উপেক্ষা করেন, তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে। উল্লেখ্য, রিয়াদের প্রধান বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই ঘোষণা উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।