ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সাফল্য হিসেবে পরিচিত বালন দ’রে নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর সাবেক পরিচালক পাসকেল ফেরে সম্প্রতি জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে তাঁর পূর্ববর্তী মন্তব্যটি সঠিক ছিল না।
১৯৫৬ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে জড়িত বিতর্কগুলো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ফেরে ১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন এবং ১৯৯৬ সালে পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
মেসি ও রোনালদোর মধ্যে বালন দ’রের আধিপত্য নিয়ে ফেরে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে বলেছেন, “বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন বলেই তাঁরা এই পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন।”
ফেরে ২০২১ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, রোনালদো তাঁকে জানিয়েছিলেন, তাঁর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশি বালন দ’র জেতা। এই মন্তব্যের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরেকে মিথ্যা বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে, ফেরে তাঁর নাম ব্যবহার করে নিজের প্রচার করছেন।
এখন ফেরে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন। তিনি বলেন, “মৌলিকভাবে আমি কথাটা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। তবে রোনালদো যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপ্রবণ একজন খেলোয়াড়, সেটা কোনো গোপন বিষয় ছিল না।”
বর্তমানে রোনালদো ৫ বার বালন দ’র জয়ী, অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই পুরস্কার জিতেছেন ৮ বার।