শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর ১৮টি টেস্টে দলের নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা পেয়েছে ৭ জয়, ৮ হার এবং ৩টি ড্র।
নিজের খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ধনঞ্জয়া। তিনি লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিকে পাঠানো এক চিঠিতে বলেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত্বভার এখন পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
২০২৪ সালের জানুয়ারিতে দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর অধিনায়কত্ব গ্রহণ করেন ধনঞ্জয়া। তার নেতৃত্বে শ্রীলঙ্কা আফগানিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়লাভ করেছে।
অধিনায়ক হিসেবে ধনঞ্জয়া ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেছেন এবং ৪৪.৪৪ গড়ে ৯টি উইকেট নিয়েছেন। টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাঁকান তিনি, যার ফলস্বরূপ বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা ধনঞ্জয়াকে তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এখনও লঙ্কান টেস্ট দলের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের লড়াইয়ে ফিরবে শ্রীলঙ্কা।