তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
নগর কর্তৃপক্ষের কার্যালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন শিশু। উদ্ধার অভিযানের পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়, ফলে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়। নিহতদের মধ্যে রয়েছে পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যা এবং ১২ বছর বয়সী এক কিশোর।
এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে, তবে ওপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’