এশিয়ান গেমসে হকির মিশন হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে অনুষ্ঠিত 'পুল-এ'র ম্যাচে বাংলাদেশ প্রথম কোয়ার্টারে গোলপোস্ট অক্ষত রাখে।
দ্বিতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের ব্যবধানে গোল করে দলকে এগিয়ে নেন। এই কোয়ার্টারের শেষদিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোল বাংলাদেশকে আরও কোণঠাসা করে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে সিম জায়েওনের ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়ার সহজ জয় নিশ্চিত হয়।
আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক জাপানের মুখোমুখি হবে। ‘পুল এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।