বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৪১% মৃত্যু, আক্রান্ত ৩৪%

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৪১% মৃত্যু এবং ৩৪% আক্রান্তের ঘটনা ঘটেছে।

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৪১% মৃত্যু, আক্রান্ত ৩৪%

ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১% ঘটেছে চলতি মাসের প্রথমার্ধে। একই সময়ে মোট আক্রান্তের অন্তত ৩৪% হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস হিসেবে চিহ্নিত করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন খুলনা বিভাগের, এবং একজন করে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৬৮৬ জন ঢাকা বিভাগের। খুলনায় ভর্তি হয়েছেন ২৯০ জন। চলতি বছর সারা দেশে ৫৫ হাজারেরও বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, সেপ্টেম্বরের ১৫ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৩শ ছাড়িয়েছে, যা উদ্বেগজনক। গত আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬।

সেপ্টেম্বরের অর্ধেকেই মৃত্যুর সংখ্যা ৬৭ জনে পৌঁছেছে, যেখানে পুরো জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। এ অবস্থায় বিশেষজ্ঞরা বয়স্ক, অন্য রোগে আক্রান্ত এবং শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার বলেন, "রোগীরা অস্থিরতা অনুভব করে, শ্বাসকষ্ট হয়, নিস্তেজ হয়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে যায়। এসব লক্ষণ সংকটপূর্ণ অবস্থা নির্দেশ করে।" তিনি রোগীদের দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন।

এ বছর ১৪ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১৭শ ৩৩ জন আক্রান্ত হয়েছেন। একই মাসের ৮ তারিখে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন