ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৭ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। বরিশালে ৬৭, চট্টগ্রামে ৫৪, খুলনায় ৪৩, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ এবং রংপুরে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৩৭ জনের মধ্যে শুধুমাত্র জুলাইয়ের ২০ দিনেই ১৯ জনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে, যা ডেঙ্গুর বিস্তারকে আরও ত্বরান্বিত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।