বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে নতুন সংঘাতে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সহায়তার সংকট বাড়ছে।

ইয়েমেনে নতুন সংঘাতে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে নতুন সংঘাতের ফলে এক লাখের বেশি মানুষ দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হাজারো মানুষ লোহিত সাগর উপকূলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এবং অনেকেই তাদের স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইয়েমেনের মোখা বন্দরের আশপাশের গ্রামগুলো মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

যুদ্ধের ভয়ে অনেকে তাদের মাছ ধরার নৌকা, কৃষিজমি এবং ব্যবসা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বাস্তুচ্যুতদের মধ্যে একজন আয়েশা মুহাম্মদ বলেন, ‘আমার দুই মেয়ে, তিন ছেলে এখনও সেখানে আটকা আছে। তারা আমাদের সঙ্গে যোগ দিতে চায়, কিন্তু বের হতে পারছে না।’

এক ভুক্তভোগী আরও জানান, ‘যুদ্ধ থেকে বাঁচতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়িয়েছি। এখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত।’

স্থানীয় কর্মকর্তাদের মতে, আল-মাআফির জেলায় সোমবার পর্যন্ত প্রায় দুই হাজার পরিবার আশ্রয় নিয়েছে। বাস্তুচ্যুত শিবিরের স্থানীয় কর্মকর্তা বাসসাম আল-হাদ্দাদ জানান, এত বিপুলসংখ্যক মানুষের জন্য প্রয়োজনীয় সম্পদ তাদের সক্ষমতার বাইরে চলে গেছে।

নতুন শরণার্থীরা নিরাপত্তার আশায় প্রতিবেশী জিবুতিতে পৌঁছাচ্ছেন। সেখানে ত্রাণ সংস্থাগুলো তাদের জন্য খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। তবে ইয়েমেনে সহিংসতা অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের এই স্রোত আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন