ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন কানাডাকে ইইউর প্রথম ‘সহযোগী সদস্য’ হিসেবে যুক্ত করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কানাডার জন্য ইইউয়ের দরজা আরও ঘনিষ্ঠ সম্পর্কের দিকে খুলে দিতে চান।
ফন ডার লিয়েন উল্লেখ করেন, এটি কোনো দেশের বিরুদ্ধে জোট নয়, বরং অভিন্ন শক্তি বাড়ানোর উদ্যোগ। তিনি বলেন, ইউরোপের জন্য অংশীদারিত্ব একটি কৌশলগত সিদ্ধান্ত এবং এটি আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় যে ভাঙন তৈরি হয়েছে, তার প্রতিক্রিয়া।
বক্তব্যের সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্টে উপস্থিত ছিলেন। তিনি বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বেড়েছে।
ফন ডার লিয়েন কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে যুক্তি দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন, ভূরাজনীতি, ইউক্রেন, প্রতিরক্ষা, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ইউরোপ ও কানাডার দৃষ্টিভঙ্গির মিল রয়েছে।
তিনি আরও বলেন, কানাডা ও ইউরোপ গণতন্ত্রে বিশ্বাস করে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করে আসছে। তবে ইইউতে ‘সহযোগী সদস্য’ নামে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা বর্তমানে নেই।
এদিকে, ইউরোপের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্য ও ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে একটি ‘ইউরোপীয় নিরাপত্তা পরিষদ’ গঠনের প্রস্তাবও দিয়েছেন ফন ডার লিয়েন। রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে এ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।