আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরে বিশ্ববাজারে তেলের ঘাটতি আরও তীব্র হতে পারে। সংস্থার মতে, উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে।
আইইএর এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে বিশ্বজুড়ে তেলের মজুত ৯ কোটি ৫০ লাখ ব্যারেল কমেছে। এই অবস্থায় তেলবাজারে সরবরাহ ঘাটতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষ করে, ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবেই বিশ্ববাজারে তেল সরবরাহ পরিস্থিতি সংকটময় হয়ে উঠছে। আইইএ'র মতে, উপসাগরীয় দেশগুলো থেকে তেলের সরবরাহ আগের অবস্থায় ফিরতে সময় লাগবে।
আইইএ আগামী বছরের আগে এসব দেশের তেল সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার হবে বলে আশা করছে না। ফলে চলতি বছরজুড়েই বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।