চীনের ইনার মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে ৬-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল টানা চার ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে চ্যালেঞ্জার পুলে প্রথম স্থান অর্জন করেছে।
ম্যাচের শুরুতেই, ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের অধিনায়ক শারিকা রিমন দুর্দান্ত একটি গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। পরে, ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে ২৬ মিনিটে কনা আক্তার দলের পক্ষে তৃতীয় গোলটি করেন, ফলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটে মোসাম্মত লিমা চতুর্থ গোলটি করেন। দুই মিনিট পর আইরিন রিয়া নিজের দ্বিতীয় গোলটি করে দলের পঞ্চম গোল নিশ্চিত করেন। ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করে মোসাম্মত লিমা বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কনা আক্তার। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচে জয়ী হলে সেমিফাইনাল ও অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।