রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
নিহতের পরিবার গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জমি বিক্রির নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ইসমাইলকে। পুলিশের প্রাথমিক ধারণা, টাকার জন্যই ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মুখে স্কচটেপ লাগানো ছিল এবং পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট।
নিহত ইসমাইলের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। তিনি গাজীপুরের কাশিমপুর করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।