ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৮ পিস স্কাফ কফ সিরাপসহ আসমা খাতুন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশের মাদকবিরোধী অভিযানে সিরাপগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসমা খাতুন চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামকুড় গ্রামের বাসিন্দা এবং আফসার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার দুধসরা জোলাপাড়া মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে অভিযান চালায় ডিবির একটি দল।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. সেলিম রেজা ও মুহিতুর রহমানের নেতৃত্বে এ অভিযানে আসমা খাতুনের কাপড়ের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ১৮ পিস স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, আটক নারীকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।