শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মহেশপুরে অবৈধ ভারতীয় ঔষুধসহ দম্পতি গ্রেফতার

মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষুধসহ এক দম্পতি গ্রেফতার।

মহেশপুরে অবৈধ ভারতীয় ঔষুধসহ দম্পতি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে প্রায় সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষুধসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর থানার একটি দল নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় বাড়ির দুই তলায় তল্লাশি চালানো হয়, যেখানে জাকারিয়া ও তার স্ত্রী পারভীন ভাড়া থাকতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আটক করা হয়।

পরে ঘরের বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ঔষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষুধের চোরাচালান বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন