দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ গৎবাঁধা এবং এতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি দাবি করেন, দুদকের অভিযোগের সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের কোনো মিল নেই। পদোন্নতি ও বদলি বাণিজ্য নিয়ে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, সেটি আদৌ দুর্নীতি নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, যাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তা সরকারি নিয়ম ও পিএসসির মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের অনেকটাই সত্য নয়।
দুদকের এক উপপরিচালকের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই কর্মকর্তা একটি গণমাধ্যমকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলেছিলেন, কিন্তু পরে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন। আসিফ মাহমুদ দাবি করেন, এর মধ্য দিয়েই বোঝা যায়, অভিযোগের পক্ষে এখনো কোনো শক্ত প্রমাণ নেই।
তিনি বলেন, দুদকের মুখপাত্রের বক্তব্য এবং তার ভিত্তিতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডকে আওয়ামী লীগের ‘পুরোনো কায়দার’ পুনরাবৃত্তি দাবি করে আসিফ মাহমুদ বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার যেভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করেছিল, একই কায়দায় এখন তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তিনি এ ঘটনাকে ‘অত্যন্ত নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড’ বলেও মন্তব্য করেন।