শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু

কক্সবাজারে ঝড়ে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, আরও দুই নিখোঁজ।

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন এবং চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলেরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ, যাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি নিয়ে আট জেলে মঙ্গলবার রাতে মাছ ধরতে সাগরে যান। ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় চারজন সাঁতরে কূলে উঠে প্রাণে বাঁচেন। পরে স্থানীয় জেলেরা সোনাদিয়া চ্যানেল থেকে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ দুই জেলের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, জানায় ইউএনও।

বিজ্ঞাপন