স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাইলে খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেওয়ার পর কৃত্রিম চিনির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম চিনি হিসেবে ব্যবহৃত জাইলিটল হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণাটি সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির কংগ্রেসে উপস্থাপন করা হয়। এতে রক্তে জাইলিটলের মাত্রা বেশি থাকা ব্যক্তিদের গুরুতর হৃদ্রোগজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে।
গবেষণায় কানাডা ও যুক্তরাজ্যের ১৭ হাজার ৭০০-এর বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। কানাডিয়ান লংগিচুডিনাল স্টাডি অন এজিংয়ের অংশগ্রহণকারীদের প্রায় ছয় বছর পর্যবেক্ষণের পর দেখা গেছে, রক্তে জাইলিটলের মাত্রা সবচেয়ে বেশি থাকা ব্যক্তিদের হৃদ্রোগজনিত কারণে মৃত্যু ও স্ট্রোকের ঝুঁকি ৫৭ শতাংশ বেশি।
অন্যদিকে, ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যানসার গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। সেখানে রক্তে জাইলিটলের মাত্রা বেশি থাকা ব্যক্তিদের হৃদ্রোগজনিত ঘটনার ঝুঁকি ১৮ শতাংশ বেশি পাওয়া গেছে।
গবেষণার উপস্থাপক ড. মার্কো উইটকোভস্কি বলেন, "জাইলিটলের হৃদ্যন্ত্রের নিরাপত্তা নিয়ে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, কৃত্রিম চিনি ব্যবহারকারী মানুষ সাধারণত এগুলোকে স্বাস্থ্যকর মনে করেন।
গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় রক্তে জাইলিটলের উচ্চ মাত্রা সরাসরি হৃদ্রোগের কারণ কিনা, তা নিশ্চিত নয়। লন্ডনভিত্তিক হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. আসিম মালহোত্রা বলেন, "জাইলিটল কীভাবে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে, তা গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।"