নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮'টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ 'বি' গ্রুপে রয়েছে, যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এই টুর্নামেন্টের জন্য সেরা প্রস্তুতি নিয়ে দেশ ছাড়ে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচের আগে আইসিসি একাডেমি গ্রাউন্ডে শেষবারের মতো প্রস্তুতি নেয় নিগার সুলতানা জ্যোতির দল।
মালয়েশিয়ায় ২০১৮ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ, যা সিনিয়র পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। টাইগ্রেস অধিনায়ক জানান, এবার হারানো সিংহাসন ফিরে পেতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
বাংলাদেশ আগামী ৬ ও ৮ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।