মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যুক্ত হচ্ছেন হামজা চৌধুরী

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী, মেডিকেল পরীক্ষা আজই সম্পন্ন হতে পারে।

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যুক্ত হচ্ছেন হামজা চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেফিল্ড ইউনাইটেড। রোববার (৩০ আগস্ট) লেস্টার সিটি থেকে ব্রামল লেনে তার ফেরার চুক্তি নিয়ে নিশ্চিত করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম 'দ্য স্টার'।

শেফিল্ড ইউনাইটেডের নিয়মিত রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় রক্ষণের ঘাটতি পূরণ করতে বিকল্প খুঁজছিল ক্লাব কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে হামজাকে পুনরায় দলে টানার উদ্যোগ নেওয়া হয়। আজই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা আসতে পারে। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে হামজা শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন এবং সে সময় ১৯টি ম্যাচের মধ্যে ১৬টিতে প্রথম একাদশে ছিলেন।

দলকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ওঠাতে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লেস্টার সিটির সাথে হামজার বর্তমান চুক্তি থাকলেও ক্লাবটি টানা দুই মৌসুম অবনমনের ধাক্কায় বেতন ও আর্থিক চাপ কমাতে চাচ্ছে।

এই সুযোগ কাজে লাগিয়ে শেফিল্ড ইউনাইটেড প্রায় বিনা ট্রান্সফার ফিতে হামজাকে নিজেদের দলে ভেড়াচ্ছে। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সাথে হামজার বোঝাপড়া দীর্ঘদিনের। ওয়াইল্ডার হামজার মানসিক শক্তি ও দলকে লড়াইয়ে ফেরানোর সক্ষমতার প্রশংসা করেছেন।

মাঝমাঠের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেও হামজাকে দলে রাখছে ব্লেডরা, কারণ আগামী গ্রীষ্মে জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের চুক্তি শেষ হচ্ছে এবং কালভিন ফিলিপসও বর্তমানে ধারে খেলছেন।

বিজ্ঞাপন