ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিষধর সাপ’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।
সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, নেতানিয়াহু হিব্রু ভাষায় ইসরায়েলিদের উদ্দেশে বক্তব্যে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার বিষয়ে ‘গর্ব’ করেন। তিনি হাস্যরসের মাধ্যমে জানান যে, কিভাবে ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছেন।
আরাঘচি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে ইংরেজিতে কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে ‘বোকা বানিয়ে’ ইসরাইলের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে রাজি করিয়েছেন।
নেতানিয়াহুর দাবি অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রায় এক হাজার ঘণ্টা প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনমত ও নীতিনির্ধারকদের ওপর প্রভাব বিস্তার করেছেন।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত তীব্র হয়েছে। সোমবার হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে মাইন পেতে জাহাজ চলাচলে হুমকি তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের নতুন করে বিস্তারের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে।