মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আবাসিক গ্রাহকদের গ্যাস বিল মওকুফের দাবি করেছে নাগরিক সমাজ

আবাসিক গ্রাহকদের গ্যাস সংকটের কারণে বিল আদায় না করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

আবাসিক গ্রাহকদের গ্যাস বিল মওকুফের দাবি করেছে নাগরিক সমাজ

আগস্ট মাসে আবাসিক খাতে গ্যাস সংকটের কারণে গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত গ্যাস বিল আদায় না করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’।

সংগঠনটির পক্ষ থেকে বিইআরসি চেয়ারম্যান বরাবর পাঠানো এক আবেদনে উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি খাতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে আবাসিক গ্রাহকদের অনেক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের সরবরাহ ছিল না।

আবেদনে বলা হয়, যেসব নন-মিটার্ড আবাসিক গ্রাহক গ্যাস ব্যবহার করার সুযোগই পাননি, তাদের কাছ থেকে পূর্ণ মাসের বিল আদায় করা যুক্তিসংগত নয়। অনেক গ্রাহক রান্নার জন্য এলপিজি বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে বাধ্য হয়েছেন, যার ফলে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারকপত্রে কমিশনকে গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে সরবরাহের সময়, চাপ ও ঘাটতির তথ্য যাচাইয়ের দাবি জানায়।

এছাড়া, যেসব এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ ছিল না, সেখানে নন-মিটার্ড আবাসিক গ্রাহকদের আগস্টের পূর্ণ বিল আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সেবার ঘাটতি অনুযায়ী বিলে ছাড় বা মওকুফের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির মতে, সেবা না থাকলে তার পূর্ণ মূল্য আদায় করা ভোক্তাবান্ধব আচরণ নয়। তাই নাগরিক অধিকার এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বিইআরসি'র কার্যকর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন