সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

এমরান হাশমির শরীরে এইচ১এন১ শনাক্ত, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

এমরান হাশমির শরীরে এইচ১এন১ শনাক্ত, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি।

এমরান হাশমির শরীরে এইচ১এন১ শনাক্ত, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

বলিউড তারকা এমরান হাশমির শরীরে এইচ১এন১ ভাইরাস শনাক্ত হয়েছে। অসুস্থতার কারণে তিনি বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন তিনি এবং বর্তমানে সেরে ওঠার পথে আছেন।

সম্প্রতি শুটিংয়ের কাজে রাঁচি গিয়েছিলেন এমরান। সেখান থেকে ফেরার পর কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। পরে রক্ত পরীক্ষায় ইনফ্লুয়েঞ্জা এ এবং এইচ১এন১ শনাক্ত হয়। চিকিৎসকেরা তাকে বিশ্রাম ও সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

এইচ১এন১ হলো ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের একটি ধরন, যা ২০০৯ সালে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এটি এখন মৌসুমি ইনফ্লুয়েঞ্জা হিসেবে নিয়মিত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হলে সাধারণত জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা, শরীর ও পেশিতে ব্যথা এবং দুর্বলতা দেখা দেয়।

বিশেষ করে শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা গুরুতর হতে পারে। ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচি ও শ্বাসতন্ত্রের নিঃসৃত কণার মাধ্যমে ছড়ায়। তাই বিশ্রামে থাকা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ।

এমরান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, অনুষ্ঠানটি ১২ সেপ্টেম্বর নতুন তারিখে অনুষ্ঠিত হবে। যারা আগে টিকিট কিনেছেন, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না।

এদিকে, এমরান ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পর ‘আওয়ারাপন ৩’-এ কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি নাইন’ সিনেমাতেও অভিনয় করবেন, যা ২৭ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

বিজ্ঞাপন