নেপালে আকস্মিক পাহাড়ধস ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৪০৩ জন, এবং উদ্ধার করা হয়েছে ১১৪ জনকে।
বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বিবিসি জানায়, তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এ ঘটনায় বেশ কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসে, যা তিব্বতের দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে রাসুয়া জেলার তিমুর এবং কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
নেপাল সেনাবাহিনী জানায়, যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ পানির স্রোতে ভেসে গেছে। পুলিশ জানিয়েছে, বন্যাকবলিত সীমান্তবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
দুর্গম ভূপ্রকৃতি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও দুর্গতদের সহায়তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা।