বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চীন। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য বিনামূল্যে আধুনিক আবাসন নির্মাণে চীনকে ১০ হাজার কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এই বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর একটি ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে চীনের।