জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী শিক্ষার্থীদের উপহার দেওয়া একটি ফ্রিজ সমালোচনার মুখে ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফ্রিজটি তার বাসা থেকে গণিত বিভাগে নিয়ে আসা হয়।
শিক্ষার্থীদের দাবি, গত বছর গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা ওয়ালটন কোম্পানির ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ কলেজকে উপহার দেন। ফ্রিজটি বিভাগের প্রধানের কক্ষে রাখা হয়েছিল এবং অন্যান্য শিক্ষকও সেটি ব্যবহার করতেন।
প্রায় এক মাস আগে, বিভাগের প্রধান মো. আব্বাছ আলীর বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর তিনি শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজটি বাসায় নিয়ে যান। এ বিষয়ে আলী বলেন, "ফ্রিজটি বিভাগে তেমন প্রয়োজন পড়ে না। আমার বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে।"
তিনি আরও জানান, "পরিবারের সবাই ঢাকায় থাকে। আমি পশ্চিম নয়াপাড়ায় একটি বাসা নিয়ে থাকি। বাসায় ফ্রিজ না থাকায় কলেজের ফ্রিজটি নিয়ে গিয়েছি। তবে এখন আবার বিভাগে দিয়ে এসেছি।"
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, "বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল। বিভাগ থেকে নিজ বাসায় ফ্রিজ নেওয়া একেবারেই ঠিক হয়নি।" তিনি জানান, ফ্রিজটি ফের বিভাগে ফিরিয়ে দেওয়া হয়েছে।