চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২৬টি মেয়াদোত্তীর্ণ কনটেইনারের পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ধ্বংসযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল পণ্য যেমন কমলা, পেঁয়াজ, কাজুবাদাম ইত্যাদি।
গত ২৪ আগস্ট সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল পুরো ধ্বংস কাজের নিরাপত্তা নিশ্চিতকরণে উপস্থিত রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করেছে যে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে এ কার্যক্রম অত্যন্ত কার্যকরী অবদান রাখবে। বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতায় ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।