মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মেয়েদের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা এবং ছেলেদের মেধাভিত্তিক উপবৃত্তি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষাজীবন অব্যাহত রাখা, বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনা করার নির্দেশ দেন। এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা এবং বাস্তবায়ন পদ্ধতি বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা এবং খাবারের পুষ্টিমান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয় এবং স্থানীয় পর্যায়ে অংশগ্রহণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পৃথক দুটি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন