চুয়াডাঙ্গার দর্শনায় অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরকে রাজশাহী থেকে উদ্ধার করেছে দর্শনা থানার পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাজশাহী মহানগরীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামের সুমন খান (৩৭) এবং অন্যজন রাজশাহী নগরীর আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা রুবেল শেখ (৩৮)।
এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকালে দর্শনা থানার প্রতাপপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ১৪ বছর বয়সী কিশোরটি বাড়ির সামনে খেলতে বের হয়। দুপুরের পরও বাড়িতে না ফেরার কারণে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
কোনো সন্ধান না পেয়ে কিশোরের বাবা সাধারণ ডায়রি করেন দর্শনা থানায়। পরে ২৩ আগস্ট সকালে কিশোরের বড় ভাইয়ের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মুখ টেপ দিয়ে মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থার ছবি পাঠিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
তারা টাকা না দিলে হত্যা করার হুমকিও দেয়। পুলিশ বিষয়টি জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরের অবস্থান সনাক্তের চেষ্টা করে এবং রাজশাহী র্যাবের সহযোগিতা নেওয়া হয়।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণচক্রের মূলহোতা সুমন খানকেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্বর্ণপট্টি আবাসিক হোটেল এলাকায় আলাদা অভিযান চালিয়ে মামলার তদন্তে পাওয়া আসামি রুবেল শেখকে গ্রেফতার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রবিবার রাজশাহী র্যাব-৫ এর সহযোগিতায় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতার আসামিদের দর্শনা থানায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।