শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্টের মতে মার্কিন শুল্ক যুক্তিহীন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ট্রাম্পকে বলেছেন মার্কিন শুল্ক যুক্তিহীন।

ব্রাজিলের প্রেসিডেন্টের মতে মার্কিন শুল্ক যুক্তিহীন

ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে, সম্প্রতি ব্রাজিলীয় পণ্যের ওপর আরোপিত শুল্কের যুক্তি ভিত্তিহীন। তিনি শুক্রবার (২১ আগস্ট) ট্রাম্পের সাথে এক ফোনালাপে এই মতামত ব্যক্ত করেন।

ব্রাজিল সরকারের এক বিবৃতি অনুযায়ী, এক ঘণ্টা ২০ মিনিটের এই ফোনালাপে লুলা বলেন, "এই শুল্ক উভয় দেশেরই ক্ষতি করে।" তিনি উভয় দেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন এবং উভয় পক্ষের শীঘ্রই পুনরায় বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।

গত মাসে যুক্তরাষ্ট্র কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে এবং জোরপূর্বক শ্রমের আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আরও ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করে।

ফোনালাপে লুলা যুক্তরাষ্ট্রের সঙ্গে অপরাধ দমনে সহযোগিতার ব্যাপারে ব্রাজিলের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "ব্রাজিলে সক্রিয় অপরাধী চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করা উচিত নয়।" মে মাসে যুক্তরাষ্ট্র তাদের মধ্যে দুটির ক্ষেত্রে এই তকমাটি দিয়েছিলো।

ব্রাজিলের প্রেসিডেন্সির তথ্যমতে, ট্রাম্প ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সম্পাদিত চুক্তিগুলোর অগ্রগতি সাধনের জন্য তিনি ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের তৎপরতার কথা জানান।

বিজ্ঞাপন