শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

বাউফলের হাফেজ নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন

বাউফলের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বাউফলের হাফেজ নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া চাঁদকাঠীর বাসিন্দা হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। বুধবার (১৯ আগস্ট) সৌদিতে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি। হাফেজ নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগমের ছেলে। তার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় গিয়ে একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হন জাকারিয়া। সেখানে তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন।

হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। তার এই আন্তর্জাতিক সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিশ্বমঞ্চে তার এই অর্জন বাউফলের জন্য গর্বের এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।

বিজ্ঞাপন