অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে এবং এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বর্তমান সরকারের উদ্যোগে ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং পুরোনো বাধা-বিপত্তি দূর করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগের বড় সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, যারা দেশের স্বার্থ সমুন্নত রেখে কাজ করতে রাজি হবে, তাঁদের সঙ্গে সরকার কাজ করবে।
এছাড়া, চট্টগ্রাম বন্দরের ব্যবসায়িক হাব সৃষ্টিকে ঘিরে এডিবি বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। এ সময় তিনি জানান, বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের ফলে বন্দরের কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং কম সময়ে পণ্য খালাস ও জাহাজীকরণ সম্ভব হবে।