বাংলাদেশ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার (১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়াইকো একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা, যা চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এই জোটটি মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিপরীতে গঠিত হয়েছে এবং বর্তমানে এতে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
জোটটির সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। এর লক্ষ্য হলো উদ্ভাবনের ওপর আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, ডিজিটাল বিভাজন হ্রাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার করা।
এছাড়াও, বিশ্বব্যাপী এআই বিকাশের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এবং এআই বিধিমালার অগ্রগতি নিশ্চিত করার মাধ্যমে মানুষের জন্য উপকারী ও নিরাপদ প্রযুক্তি নিশ্চিত করা জোটটির উদ্দেশ্য।